বিজ্ঞাপন
ভাইরাল অডিওতে যা বলেছিলেন সেই পুলিশ কর্মকর্তা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবের কণ্ঠের প্রাথমিকভাবে শনাক্ত একটি অডিও ভাইরাল হয়। ওই অডিওতে পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের দুর্বলতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক ঝোঁক এবং পুলিশের পদায়নে ঘুষ লেনদেনসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য শোনা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রত্যাহার করার পর বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মো. রাকিবকে ডিবি কার্যালয়ে ডাকার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, বিষয়টি তদন্তে ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদর দপ্তরের দুজন কর্মকর্তা রয়েছেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাকিবকে ভাইরাল হওয়া অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
রাকিবুল হাসানের নামে ছড়িয়ে পড়া অডিওতে ওসি পরিচয় দেওয়া ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘জানি যে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। কিচ্ছু হবে না আসলে, কিচ্ছু হবে না। আপনারা তো চিন্তা করতে পারছেন, রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল। আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে। এই মাসে আসা উচিত ছিল। চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’
অডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না। এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা, … নিয়ে থাকবা আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।’
মনির নামে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িচালক থানার ওসি পদায়ন করছেন বলেও বলা হয় ওই অডিওতে। অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এগুলো সহ্য করা যায়? আর কী বলব? যারা পোস্টিং পাইতেছে, তার (মনির) কাছে টাকা দিচ্ছে, সকালবেলা পোস্টিং হইতেছে।’
ওই ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্দেশ করে অডিওর বক্তা বলেন, তার লজ্জা থাকা উচিত। তার চাকরি ছিল না। এখন যে পদে আছেন, সেখানে এক বছর থাকতে পারলে ১০০ কোটি টাকা এমনিতেই হবে বলে মন্তব্য করেন তিনি।
ওসি পদায়ন নিয়ে অডিওতে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কমিশনার যারা ছিল, তারা ওসি পোস্টিংয়ে টাকা নেয় নাই। যত ওসি বেনজীরের আমলে ছিল, টাকায় কোনো সময় বদলি হয় নাই।’ এখানে তিনি সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের প্রসঙ্গ উল্লেখ করেন। অডিওতে এই পুলিশ কর্মকর্তাকে আরও বলতে শোনা যায়, ‘ডিএমপি, ঢাকা, বাংলাদেশের রাজধানী, ক্যাপিটাল সিটি। এখানকার ওসিরা টাকা দিতে যাবে কেন? এখানে ওসিরা এমনিই যাবে। তোমাদের কাজ করে নিয়ে তোমরা টাকা উঠিয়ে নিবা।’
ঊর্ধ্বতন কর্মকর্তাদের কীভাবে কাজ করে দিয়েছেন, সে অভিজ্ঞতার বিষয়ে ওসি রাকিবুলকে বলতে শোনা যায়, ‘আমি ভাটারায় একটা কাজ করে দিছি এক স্যারকে। স্যার এক কোটি টাকা নিছে। আমি তো জানতাম না।... (অস্পষ্ট কথা) আমার সাথে শুধু সম্পর্কটা আছে। এ–ই হলো অবস্থা! এইভাবে চাকরি করা যাবে নাকি? অযোগ্য লোকগুলোরে কোন জায়গা ঢুকায় (পদায়ন দেয়) আর যোগ্য লোকগুলোকে চিপাচাপায় রাখছে।’
ভাইরাল অডিওটি নিয়ে ওঠা বিভিন্ন বক্তব্যের বিষয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই তিন সদস্যের কমিটি রাকিবকে ডেকেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।