বিজ্ঞাপন
‘সেইম সেইম বাট ডিফারেন্ট’, আসিফ মাহমুদের স্ট্যাটাস ভাইরাল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
বিজ্ঞাপন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরুর পর এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে র্যাব ও এসআরবির দুটি ছবি পাশাপাশি পোস্ট করেন আসিফ মাহমুদ। ছবির সঙ্গে চার শব্দের ক্যাপশন দেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেই লাউ সেই কদু’। আর ছবির নিচের অংশে লিখা ছিলো, ‘সেইম সেইম বাট ডিফ্রেন্ট।’
এদিকে আসিফ স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। স্ট্যাটাসটি দেওয়ার তিন ঘণ্টার মধ্যে এতে লাইক পরেছে প্রায় ১৯ হাজার।
এর আগে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু হয়েছে। র্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, র্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।
নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও নাম পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। সেখানে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন কাঠামোটি আইনি রূপ পায়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করে ইউনিটটি।