Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এমপির আকস্মিক পরিদর্শনে তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র,  তালা ভেঙে প্রবেশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

এমপির আকস্মিক পরিদর্শনে তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র,  তালা ভেঙে প্রবেশ

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একপর্যায়ে কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে আকস্মিক পরিদর্শনে যান সংসদ সদস্য।

এ সময় প্রধান ফটকসহ কেন্দ্রটির সব প্রবেশপথ তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে ভেতরে প্রবেশ করে কোনো চিকিৎসক বা মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ভেতরে বসে গল্প করতে দেখা যায় বলে জানান তিনি।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের তালায় দীর্ঘদিনের মরিচা জমে ছিল। এতে তাঁর ধারণা হয়েছে, তালাটি অনেক দিন ধরে ঝুলছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কেউ গেট না খোলায় এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসক, মেডিকেল অফিসারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীদের কাউকেই পাওয়া যায়নি। কয়েকজন কর্মচারীকে ভেতরে বসে গল্প-আড্ডা দিতে দেখা গেছে। গাজীপুর ইউনিয়নটি প্রত্যন্ত এলাকা হওয়ায় স্থানীয় মানুষের জন্য এ স্বাস্থ্যকেন্দ্রের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা বা জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া এখানকার মানুষের জন্য কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যকেন্দ্রটির এমন পরিস্থিতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সংসদ সদস্য বলেন, এ বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ছিল না এ বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে এসেছি।’

অন্যদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো কর্মীই কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। হঠাৎ করে সংসদ সদস্য সেখানে পরিদর্শনে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার