Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত ভিডিও ধারণ ও বিক্রি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত ভিডিও ধারণ ও বিক্রি

বিজ্ঞাপন

খুনসুটি, যত্ন আর বিলাসী জীবনযাপন—সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি দেখলে সুখী কোনো দম্পতি বলেই মনে হতে পারে। তবে ওই সম্পর্কের পেছনের গল্প ভিন্ন বলে দাবি করেছেন নাহিদা হক মুনা নামের এক তরুণী। তার অভিযোগ, বিয়ে ছাড়াই বছরের পর বছর কাউসার আজীম আসিফের সঙ্গে সম্পর্ক ছিল তার। তাদের এই সম্পর্কের মধ্যে একটি কন্যাসন্তানও জন্ম নেয়।

মুনার অভিযোগ, প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতিকে হাতিয়ার করে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন আসিফ। পরে এসব ভিডিও বিক্রি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন, সাইবার নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করার কথা জানিয়েছেন মুনা। তার দাবি, মামলার পর থেকে আসিফ পলাতক রয়েছেন।

মুনার ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সঙ্গে আসিফের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়।

মুনার অভিযোগ, একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন বিলাসবহুল হোটেলে যাতায়াত শুরু করেন আসিফ। তার দাবি, এসব জায়গায় অবস্থানের সময় মুনার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরা ও মোবাইল ফোনে ধারণ করা হতো।

মুনার অভিযোগ, পরবর্তীতে ওই ভিডিওগুলো বিদেশি বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে বিক্রি করা হয়েছে। তার দাবি, আসিফের কাছে তার এমন শত শত ব্যক্তিগত ভিডিও রয়েছে।

শুরুতে বিষয়টি বুঝতে না পারলেও একপর্যায়ে অস্বাভাবিকভাবে ভিডিও ধারণের বিষয়টি মুনার নজরে আসে বলে দাবি করেন তিনি। এরপর ভিডিও ধারণে আপত্তি জানান মুনা। তার অভিযোগ, ভিডিও ধারণে বাধা দেওয়ার পর তাকে মারধরও করা হয়।

সম্পর্কের প্রায় দুই বছর পর মুনা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। মুনার দাবি, এরপরও আসিফকে বিয়েতে রাজি করাতে পারেননি তিনি। পরিবারের নানা অজুহাতে বিয়ের বিষয়টি দীর্ঘদিন পিছিয়ে দেওয়ার একপর্যায়ে মুনাকে বাদ দিয়ে অন্য একজনকে বিয়ে করেন আসিফ।এরপর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বলে জানান মুনা।

মুনার ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতারণার অভিযোগে আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। পরে মামলাটি নিষ্পত্তি হলে নতুন করে অন্যত্র সংসার শুরু করার সিদ্ধান্ত নেন মুনা।

তবে মুনার অভিযোগ, তার নতুন সংসারও মেনে নিতে পারেননি আসিফ। তার দাবি, মুনার ব্যক্তিগত ভিডিও তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠিয়ে দেন আসিফ। এর ফলে মাত্র নয় দিনের মাথায় তার নতুন সংসার ভেঙে যায় বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে আসিফের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে আরও দুটি মামলা করেন মুনা। তার দাবি, এসব মামলা হওয়ার পর থেকেই আসিফ আত্মগোপনে রয়েছেন। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছেন তিনি।

মুনার অভিযোগ শুধু তাকে ঘিরেই নয়। তার দাবি, আরও একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন আসিফ এবং তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিওও তার কাছে রয়েছে।

পরিবার ও সামাজিক সম্মানের কারণে অনেকেই বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না বলেও দাবি করেন মুনা। এ সংক্রান্ত অভিযোগের পক্ষে একটি কলরেকর্ড এবং আসিফের সঙ্গে বিভিন্ন তরুণীর ছবি থাকার কথা জানিয়েছেন তিনি।

মুনার দাবি, নির্দিষ্ট কোনো ব্যবসা না থাকলেও আসিফকে দামি গাড়িতে চলাফেরা করতে দেখা যায়। এমনকি তিনি মাসে অন্তত দুবার বিদেশ ভ্রমণ করেন বলেও দাবি করেন মুনা।

তাহলে ব্যক্তিগত ভিডিও বিভিন্ন বিদেশি নিষিদ্ধ ওয়েবসাইটে বিক্রির মাধ্যমে এসব অর্থের জোগান দেওয়া হয় কি না—এমন প্রশ্নও তুলেছেন মুনা।

অভিযোগগুলোর বিষয়ে কাউসার আজীম আসিফের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকেই প্রতিবেদককে খুদেবার্তা পাঠিয়ে মামলার হুমকি দেয়া হয়। বিষয়টি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বছরের পর বছর ধরে চলা একটি সম্পর্কের ঘটনা এখন গড়িয়েছে মামলা, আদালত ও তদন্তের পর্যায়ে। মুনার করা মামলাগুলো বর্তমানে তদন্তাধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার