বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সাভিসের তথ্যমতে, আগুনের খবর পেয়ে বসিলা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের ১টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা বলতে পারেননি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
এদিন দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
মামলাটিতে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে গতকাল ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।