Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির কড়া নির্দেশনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির কড়া নির্দেশনা

বিজ্ঞাপন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে প্রস্তুতি শুরু করেছে দলটি। এ লক্ষ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করতে নেতাদের নির্দেশ দিয়েছেন।

দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, তাই একই এলাকা থেকে বিএনপির একাধিক নেতা প্রার্থী হতে পারেন। এ ক্ষেত্রে প্রত্যেকেই নিজেকে দলের সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করতে পারেন। এমন পরিস্থিতি ঠেকাতে ইতোমধ্যে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ মাঠ গোছানোর কাজ শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানোর পাশাপাশি দলীয় সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ধাপে ধাপে বিভাগ ও জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকের মূল আলোচনা ছিলো স্থানীয় সরকার নির্বাচন ইস্যু।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করতে ও পরামর্শের ভিত্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীর সমর্থন নিশ্চিত করতে স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এ ছাড়া নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি এবং বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রার্থী নির্বাচনে সম্মিলিত সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। পাশাপাশি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের সমর্থিত প্রার্থীর বাইরে যাতে কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর সবাইকে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

বিএনপি সূত্র জানায়, কেন্দ্র থেকে প্রার্থী চাপিয়ে দেওয়ার পরিবর্তে স্থানীয় নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে পরামর্শ করে গ্রহণযোগ্য প্রার্থী বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। এ লক্ষ্যে বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করছে দলটির কেন্দ্রীয় নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করবে বিএনপি। তবে তরুণ ও মধ্য বয়সিরা আগামীদিনে বেশি গুরুত্ব পাবে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে দল। স্থানীয় সরকার নির্বাচন বিএনপি গুরুত্বসহকারে করবে বলেও জানান দলের এই ভাইস চেয়ারম্যান।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হেসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকছে না, তাই দলের অনেকেই প্রার্থী হতে চাইবেন। এ বিষয়ে নেতাকর্মীদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। জনগণের প্রত্যাশা ও স্থানীয় পর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা হবে বলেও জানান বিএনপির প্রবীণ এই নেতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার