বিজ্ঞাপন
সরকারি প্রতিষ্ঠানকে টার্গেট করে অপপ্রচার, নেপথ্যে কি?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
বিজ্ঞাপন
সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়কে ঘিরে দীর্ঘদিন ধরে একটি মহল অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন নামে-বেনামে চিঠি, অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য এবং সর্বশেষ সংবাদ সম্মেলন এমন নানা তৎপরতার মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
জানা গেছে, সম্প্রতি একটি চক্র নিজেদের শ্রমিক দলের নেতা বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় ও এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটেছে।
তবে অভিযুক্তদের শ্রমিক দলের পরিচয় নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি মো. নাজিম উদ্দীন জানিয়েছেন, অভিযোগ উত্থাপনকারী ব্যক্তিদের কেউই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।বরং তারা চিহ্নিত চাঁদাবাজও বলে তিনি জানান।
এদিকে, বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়কে ঘিরে চলমান এসব অভিযোগের ধারাবাহিকতায় সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে মূল উদ্দেশ্য করা হয় প্রতিষ্ঠানটির চট্টগ্রামের হালিশহর কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল হোসেনকে।
তৌহিদ হোসেন দীর্ঘ দিন যাবৎ এ কার্যালয়ে কর্মরত থাকলেও হঠাৎ এমন অপপ্রচার কেন? এমন প্রশ্নে উঠে আসে ভিন্ন তথ্য। মূলত পতিত নিষিদ্ধ আওয়ামীলীগের এক অঙ্গসংগঠনের এক শ্রমিকলীগের এক নেতা বর্তমানে এই কার্যালয় থেকে সুবিধা না পেয়ে এমন কার্যাকলাপ চালিয়ে নেওয়ার তথ্য প্রমান উঠে আসে।
এছাড়াও আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আয়োজকরা বিআরটিএ কার্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরলেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে আয়োজকদের বক্তব্যে দেখা দেয় অসঙ্গতি। অভিযোগের পক্ষে নির্দিষ্ট নথি, তথ্য কিংবা প্রমাণ সম্পর্কে জানতে চাইলে অনেক ক্ষেত্রেই সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তারা।
এমনকি সংবাদ সম্মেলনে উত্থাপিত কয়েকটি দাবির বিষয়ে আন্দোলনকারীদের কাছেই পর্যাপ্ত তথ্য বা সুস্পষ্ট ধারণা নেই এমন চিত্রও দেখা যায়।
একপর্যায়ে সাংবাদিকদের ধারাবাহিক প্রশ্নে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আয়োজকদের কয়েকজন সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে, একটি সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ তোলা হলেও অভিযোগকারীদের হাতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকার কারণ কী। একই সঙ্গে নিজেদের শ্রমিক সংগঠনের নেতা হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, কোনো সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণসহ অভিযোগ করা এবং তদন্তের দাবি জানানোই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু নাম-পরিচয় গোপন রেখে বা বিভ্রান্তিকর পরিচয়ে বারবার চিঠি দেওয়া, বিভিন্ন অনলাইন মাধ্যমে একতরফা বক্তব্য প্রচার এবং পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ সম্মেলন করার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।
বিশেষ করে বিআরটিএর মতো জনসেবামূলক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটির সত্যতা যাচাই না করে প্রচার করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই অভিযোগের সত্যতা যাচাই, অভিযোগকারীদের পরিচয় এবং তাদের উত্থাপিত দাবির পেছনে থাকা তথ্য-প্রমাণ প্রকাশের দাবি উঠেছে।
সব মিলিয়ে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়কে ঘিরে চিঠি, অনলাইন বক্তব্য ও সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান প্রচারণার প্রকৃত উদ্দেশ্য কী এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে আয়োজকদের অস্পষ্ট বক্তব্য সেই প্রশ্নকে আরও জোরালো করেছে।