বিজ্ঞাপন
রাজধানী থেকে একদিনে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
বিজ্ঞাপন
রাজধানী থেকে পৃথক ঘটনায় নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ওই ৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তাৎক্ষণিকভাবে মৃত ওই ৫ জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই ভবঘুরে প্রকৃতির বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসআই মো. আসাদুজ্জামান জুয়েল মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
এদিকে সোমবার সকালে মতিঝিলের নটরডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে পথচারীরা আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে একই দিন শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেলের পাশ থেকে ৩০ বছর বয়সী এক নারী এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে সমবয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানার এসআই বিজয় মন্ডল ওই মরদেহ দু’টি উদ্ধার করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, মৃত ওই দু’জনই ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়াও সোমবার সকালে কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (এসআই) প্রাণেশ্বর দাস জানিয়েছেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কামরাঙ্গীরচরের জাউলাহাটি এলাকা থেকে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।