বিজ্ঞাপন
ঢাকা জেলায় শ্রেষ্ঠ পুরস্কৃত হলেন সাভার মডেল থানার ওসি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম
বিজ্ঞাপন
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও উদ্ধার অভিযানে সাফল্যের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সাভার মডেল থানার সাইফুল আলম। গত ৩১ জুলাই তিনি সাভার মডেল থানায় যোগদান করেন।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের উদ্যোগে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সাইফুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়। সাভার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তার বিভিন্ন সফল উদ্যোগের পরিপ্রেক্ষিতে তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
সাইফুল আলম ওসি হিসেবে যোগদানের পর তাঁর নেতৃত্বে ২৩টি বিশেষ অভিযানে চোরাই যানবাহন, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ হয়েছে। নাশকতার পরিকল্পনাকারী ৪০ জনকে হাতেনাতে গ্রেফতার করার পাশাপাশি চোরাই পণ্য ও মোবাইল ফোন জব্দ হয়েছে। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার টাকা।
শুধুমাত্র অপরাধ দমনেই নয়, এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও ওসি বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি পীর তৈয়ব খান ও পীর কাজী জাবের আল জাহাঙ্গীরের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে এলাকায় শান্তি বজায় রাখতে নিরলস কাজ করেছেন। একইসঙ্গে ৩৯টি মামলা নিষ্পত্তি এবং ৩৩৩ জনকে মোবাইল কোর্টের আওতায় শাস্তির ব্যবস্থা করে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটিয়েছেন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি সাইফুল আলম জানান, এই অর্জন থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, সাভার মডেল থানায় যোগদানের আগে গত মাসে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি থাকাকালেও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছিলেন। ঢাকা জেলায় যোগদান করে গত নয় মাসে এ নিয়ে মোট চার বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম।
চলতি মাসে সাভারে যোগদান করে পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় এবং সরাসরি সততার সাথে মাঠপর্যায়ে কাজ করে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এর আগে গত ৮ মাসে সাভার থানা কোনো পুরস্কার পায়নি। এবার তাঁর নেতৃত্বে সাভার থানার মোট সাতজন অফিসার বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছেন।