Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঘোষণা ২০% হলেও বাজারে বেকারি পণ্যে ৩০-৫০ শতাংশ বেশি দাম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

ঘোষণা ২০% হলেও বাজারে বেকারি পণ্যে ৩০-৫০ শতাংশ বেশি দাম

বিজ্ঞাপন

শুধু স্ন্যাকস হিসেবে নয়, পাউরুটি, কেক ও বিস্কুটের মতো বেকারি পণ্য এখন অনেকের কাছেই মৌলিক খাদ্য। মূল্যস্ফীতির বাজারে তুলনামূলক সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় এসব পণ্যের চাহিদা বেড়েছে। তবে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে বেকারি খাতেও।

সম্প্রতি বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির তথ্য অনুযায়ী, চিনিতে প্রতি কেজিতে বেড়েছে ১৫ টাকা, আটা-ময়দায় ১৫-২০ টাকা, ভোজ্যতেলে ৫ টাকা এবং ডালডায় প্রতি কার্টনে ৫০০-৬০০ টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে লাইন গ্যাসের সংকটে বাড়তি দামে এলপিজি কেনা এবং ইউনিটপ্রতি বিদ্যুতের দাম বৃদ্ধিতে ওভেন-মিক্সারের মতো যন্ত্র চালানোর খরচ। তাই পূর্বঘোষণা অনুযায়ী গতকাল (১২ সেপ্টেম্বর) থেকে ২০ শতাংশ দাম বৃদ্ধি কার্যকর করেছে সমিতি।

তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ঘোষিত ২০ শতাংশের পরিবর্তে বাজারে দাম বেড়েছে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ১০ টাকার রুটি এখন ১৫ টাকা, আর ১৫ টাকারটি বিক্রি হচ্ছে ২০ টাকায়। কোথাও কোথাও দাম না বাড়িয়ে কমানো হয়েছে ওজন। একইসঙ্গে কিছু বেকারি কয়েকদিন ধরে সরবরাহ কমিয়ে দেওয়ায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বেকারি শিল্পের সিংহভাগই মূলত অসংগঠিত ও হস্তচালিত। পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭ হাজার বেকারি কারখানা রয়েছে, যার মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় ৭০০টি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সাথে জড়িত রয়েছেন লক্ষাধিক শ্রমিক ও কর্মী। তবে বর্তমান কাঁচামাল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং মাত্রাতিরিক্ত উৎপাদন ব্যয়ের চাপে ইতোমধ্যে অন্তত ৫০০ থেকে ৬০০ ক্ষুদ্র বেকারি কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে।

পুরানা পল্টনের টং দোকানি রাইসুল মিয়া জানান, ১০ টাকার ব্রেড ১৫ টাকা, ১৫ টাকারটা ২০ টাকা এবং ২০ টাকার ব্রেড এখন ২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। গত পাঁচ দিন ধরে কোম্পানির সরবরাহ কমে যাওয়ায় দোকানে ব্র্যান্ডের পণ্যই বেশি রাখতে হচ্ছে বলে জানান তিনি।

দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষদের জন্য এই মূল্যবৃদ্ধি বাড়তি চাপ তৈরি করছে। তেজগাঁওয়ের রিকশাচালক তমিজউদ্দিন বলেন, ‘সারাদিন রিকশা চালিয়ে ভারী খাবারের বদলে রুটি-কলা খেয়েই দিন পার করি। আগে যা খরচ হতো, এখন দিনে তিনবার রুটি-কলা খেতেই বাড়তি ৩০ থেকে ৪০ টাকা চলে যাচ্ছে। আমাদের মতো মানুষের পেটে টান পড়ছে।’

বেসরকারি হাসপাতালের চাকরিজীবী জুয়েল রানা বলেন, ‘প্রতিদিন ব্রেড, বিস্কুট, কেক খেয়ে ৩০ টাকা করে বাড়তি খরচ হলে মাস শেষে তা প্রায় হাজার টাকায় গিয়ে দাঁড়ায়, যা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য বড় চাপ।’

সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন স্বীকার করেন, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে বাড়তি মুনাফা নেয়ার চেষ্টা করছে। বলেন, ‘আবার কিছু দোকানি আমাদের সমিতিকে বিব্রত করতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্ধারিত ২০ শতাংশের বেশি দাম যাতে কেউ না নিতে পারে, সেজন্য আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করছি।’ পাশাপাশি ময়দার মিল মালিকদের বরাত দিয়ে তিনি জানান, প্রতি বস্তায় আরেক দফা ১০০ টাকা দাম বাড়ায় নতুন করে আতঙ্কে আছেন বেকারি মালিকরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার