বিজ্ঞাপন
রাজধানীতে জজ মিয়া হত্যাকাণ্ড, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
বিজ্ঞাপন
রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ভাসমান অবস্থায় মো. জজ মিয়া (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবদুল্লাহকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত জজ মিয়া নারায়ণগঞ্জের বন্দর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে জিরানি খাল থেকে জজ মিয়ার লাশ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে খিলগাঁও থানা পুলিশ।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার জজ মিয়া খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তিনি মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে আগে থেকেই আবদুল্লাহসহ কয়েকজন অবস্থান করছিলেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে জজ মিয়াকে আঘাত করেন। এতে তার মৃত্যু হলে সিএনজিচালিত অটোরিকশায় করে লাশ জিরানি খালে ফেলে দেওয়া হয়।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, জজ মিয়ার সঙ্গে তার এক সহযোগীর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আবদুল্লাহ। তবে হত্যার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।