Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

বিজ্ঞাপন

মায়ের মৃত্যুতে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এই আদেশ দেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর (৭২) মারা যান। পরবর্তীতে স্বজনদের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন জানানো হলে চট্টগ্রাম জেলা প্রশাসন আবেদনটি মঞ্জুর করে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোল দেয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, আদেশের কপি হাতে পাওয়ার পরপরই তাকে প্যারলে মুক্তি প্রদান করা হবে।

হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে বুধবার রাতে পুণ্ডরীক ধামে নিয়ে আসা হয়। 

চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আমার মা মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা শেষে তাকে ধামে নিয়ে আসা হয়েছিল। ধর্মীয় আচারাদি পালন শেষে এখানেই তাকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার