বিজ্ঞাপন
তুরিন আফরোজের মেয়ের জিডি, বাসা দখল ও নিরাপত্তা নিয়ে শঙ্কা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ এএম
বিজ্ঞাপন
উত্তরার বাসা দখলের চেষ্টা, ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ভাড়া আদায় এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে পুলিশের কাছে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মেয়ে তেজস্বী তুরীন ওরফে সুমেধা।
সুমেধার অভিযোগ, তাঁর মামা শাহনাওয়াজ আহমেদ শিশির গত ১২ আগস্ট জোরপূর্বক উত্তরার বাসায় প্রবেশ করেন। পরে বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তার স্টাফ মো. আব্দুল হাসান সবুজকে রাখা হয়। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সুমেধা।
তার আরও অভিযোগ, বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও বাসার ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায়ের চেষ্টা করা হচ্ছে। ভাড়াটিয়ারা এতে রাজি না হলে তাদের ফ্ল্যাট ও দোকানে গিয়ে চেঁচামেচি এবং হয়রানি করা হচ্ছে। এমনকি বাসার দুই নিরাপত্তাকর্মীকেও চাকরি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সুমেধার অভিযোগ, মো. আবেদুর রহমান ভূঁইয়া কিশোর নামে এক ব্যক্তিও তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তি নিজেকে ‘স্পেশাল ফোর্সের’ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলেও জিডিতে উল্লেখ করেছেন তিনি।
সুমেধা বলেন, “আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই, কখনো ছিলামও না। একজন সাধারণ বাংলাদেশি নাগরিক হিসেবে নিজের অধিকার, সম্পত্তি ও নিরাপত্তার জন্যই আমি আইনি পথে লড়াই করছি।”
তিনি বলেন, “প্রথমে আমাকে বলা হয়েছিল, আমার নানি অসুস্থ এবং তাঁর থাকার জায়গা প্রয়োজন, তাই তাঁরা সাময়িকভাবে থাকবেন। কিন্তু এখন পর্যন্ত আমি আমার নানিকে একবারের জন্যও এই বাসায় ঢুকতে দেখিনি। বরং চতুর্থ তলার ফ্ল্যাটে একজনকে রাখা হয়েছে।”
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুমেধা বলেন, “আমি বাসায় একা থাকি। এই অবস্থায় বাইরে থেকে লোক এনে বাসায় রাখা এবং আমাকে নিয়মিত ভয়ভীতি দেখানোর ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাসায় আরও পরিবার বসবাস করে। তাই বিষয়টি আমার জন্য অত্যন্ত উদ্বেগের।”
তিনি আরও বলেন, “আমি চাই, আইন নিজের মতো করে চলুক। আমার সম্পত্তি নিয়ে কারও দাবি থাকলে বৈধ কাগজপত্র নিয়ে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। কিন্তু ভয়ভীতি, হুমকি কিংবা জোর করে দখলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
একাধিক জিডি ও অভিযোগে সুমেধা বাসা দখলের চেষ্টা বন্ধ, ভাড়াটিয়াদের হয়রানি থেকে রক্ষা, সম্পত্তির নিরাপত্তা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।