বিজ্ঞাপন
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গ্যাস লাইনে আগুন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
বিজ্ঞাপন
সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডে অবস্থিত মন্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বজ্রপাতের পর বাড়ির প্রধান ফটকের পাশের গ্যাস লাইনের একটি রাইজারে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি দেখতে পেয়ে বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টা ১৫ মিনিটে ৯৯৯-এ কল পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যায় বলে জানান সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম।
নিরাপত্তা প্রহরী শরীফুল ইসলাম বলেন, বজ্রপাতের কারণেই গ্যাস লাইনের রাইজারে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।