Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দুই বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

দুই বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা

বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় দুই বছর পর মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ নম্বর নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন তৈয়েবুর রহমান তুরাপ।

তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতা। হাইকোর্টের আদেশের পর চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ ফিরে পান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নহাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের নির্ধারিত চেয়ারে বসেন তৈয়েবুর রহমান তুরাপ। এ সময় তিনি পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের গুলিতে আহাদ ও সুমন নামে দুই ছাত্র নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় তৈয়েবুর রহমান তুরাপকে আসামি করা হলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়।

পরবর্তীতে মামলায় জামিন পাওয়ার পর চেয়ারম্যান পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তৈয়েবুর রহমান তুরাপ। ওই রিটের শুনানি শেষে চলতি বছরের ১ জানুয়ারি নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তার কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের পর মাগুরার তৎকালীন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর থেকে তৈয়েবুর রহমান তুরাপ নিজ বাড়িতে থেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে হাইকোর্টের আদেশের প্রায় ছয়-সাত মাস পর সোমবার প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে সরাসরি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তিনি। দীর্ঘদিন পর চেয়ারম্যানকে কার্যালয়ে পেয়ে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও এ নিয়ে আলোচনা দেখা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার