বিজ্ঞাপন
সবোর্চ্চ আদালতের আদেশ গোপন করে ফের বিদেশ যাত্রা ওবায়দুল করিমের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ এএম
বিজ্ঞাপন
ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলার আসামি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের সব পার্সপোর্ট নিম্ন আদালতে জমা দিতে গত ৫ মার্চ নির্দেশ দেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে ওবায়দুল করিম আপিল করেন। শুনানি শেষে গত ২০ মে আপিলটি খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু, থেমে থাকেননি ওবায়দুল করিম। দুদকের করা বিদেশ গমন নিষেধাজ্ঞা পিটিশনটি (৩১/২০২৫) ঢাকা সিনিয়র বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।
অথচ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সব আদেশ গোপন রেখে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির ৩ মাসের জন্য বিদেশ যাত্রার অনুমতি দেন। শুনানিতে ওবায়দুল করিমের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মেহেদী হাসান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমি।
এ ব্যাপারে মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘দুদকের পক্ষ থেকে আমরা ওবায়দুল করিমের বিদেশ গমনের আবেদনের সবোর্চ্চ বিরোধীতা করেছি। ওবায়দুল করিমের সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে হাইকোর্টের আদেশ এবং আপিল বিভাগের আদেশের বিষয়টিও শুনানিতে উপস্থাপন করেছি। কিন্তু, এর পরেও ওবায়দুল করিমের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
দুর্নীতির বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর এক আদেশে ওবায়দুল করিম ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এর পর ওবায়দুল করিম অসুস্থতার কারণ দেখিয়ে বিদেশ যেতে চাইলে আদালত তা মঞ্জুর করেন। তবে, তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার না করে তড়িঘড়ি করে ডোমিনিকান পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যান।
এ অবস্থায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিম ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিদেশ যাত্রা বন্ধ হয়ে পড়ে। সব শেষ বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত ১৪ মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেছিলেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। সেদিন শুনানি শেষে আবেদনটি খারিজ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ।
এর আগে মার্চ মাসে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদন করেছিলেন তারা। গত ৫ মার্চ আবেদনটি নামঞ্জুর করে তাদের সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন (ক্রিমিনাল পিটিশন নম্বর- ১০৮৯/২০২৬) দায়ের করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। গত ২০ মে সেই আবেদনটেও খারিজ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। ফলে ওবায়দুল করিম ও তার পরিবারের একাধিক সদস্যের সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু, তারা পাসপোর্ট জমা না দিয়ে উল্টো অন্য আদালতে আবেদন করে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন।