Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কিটো ডায়েটের পর মৃত্যুর অভিযোগ, ডা. জাহাঙ্গীর কবিরকে ঘিরে তোলপাড়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

কিটো ডায়েটের পর মৃত্যুর অভিযোগ, ডা. জাহাঙ্গীর কবিরকে ঘিরে তোলপাড়

বিজ্ঞাপন

ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শের প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের পক্ষ থেকে হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগে ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এরপর ওই ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে রোগীর মৃত্যুর সঙ্গে কিটো ডায়েট বা ইনসুলিন বন্ধের সরাসরি সম্পর্ক ছিল কি না, তা এখনো তদন্তাধীন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি সামনে আসে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মনির-উজ-জামানকে আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢামেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুরজাহান বানু এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। অনেকে এ ধরনের আবেদন করেছেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

তিনি বলেন, ‘এ কারণে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার