বিজ্ঞাপন
আলোচিত সেই পীরের মরদেহ কবর থেকে তুলে দরবারে দাফনের অভিযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
বিজ্ঞাপন
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবার মরদেহ স্থানীয় কবরস্থান থেকে তুলে তাঁর দরবার প্রাঙ্গণে নতুন করে দাফনের অভিযোগ উঠেছে ভক্তদের বিরুদ্ধে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার একটি কবরস্থান থেকে মরদেহটি তুলে নিয়ে শামীমের দরবার শরিফে নতুন করে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানায়,পীর শামীম নিহত পর থেকেই তাঁর ভক্তদের একটি অংশ কবর থেকে মরদেহ তুলে দরবারে দাফনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে পীরকে দাফনের পর বেশ কিছুদিন ওই কবরস্থানে পুলিশ পাহারায় ছিল। তবে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ভক্তরা কবর থেকে মরদেহ তুলে দরবারে নিয়ে পুনরায় দাফন করেছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।
নিহত পীর শামীমের বড় ভাই ফজলুর রহমান জানান, রাতের আঁধারে কারা কীভাবে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, পীর শামীমের মরদেহ কবরস্থান থেকে কারা কীভাবে উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করেছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন,পীরের মরদেহ কবরস্থান থেকে উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী যে সিদ্ধান্ত হবে, তা জানানো হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরদিন ১২ এপ্রিল ময়নাতদন্ত শেষে স্থানীয় একটি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। পীর শামীম হত্যার ঘটনায় তাঁর বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি ও খেলাফত মজলিসের এক নেতাসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।