Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিফাতকে আদালতে পাঠাল পুলিশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিফাতকে আদালতে পাঠাল পুলিশ

বিজ্ঞাপন

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ সিফাত আব্দুল্লাহকে আদালতে পাঠায় বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় তাকে।

ভিডিওতে সিফাত দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার দাবি, এই বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সিফাত আব্দুল্লাহকে আটক করে। সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তখন জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনায় সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার দুপুর ১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

তবে বিদ্যুৎ বিলের বিষয়ে সিফাত আব্দুল্লাহর দাবির সত্যতা এবং তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার