বিজ্ঞাপন
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, যে বর্ণনা দিলো র্যাব
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম
বিজ্ঞাপন
রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ দিতে হয়েছে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসা প্রধান শিক্ষিকা রনজিনা পারভীনকে।
এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব-২। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব বলছে, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল মূলত একটি ওয়ার্কশপের মালিক রাকিবের। মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ ছিল এলাকার বড় ভাই। বিভিন্ন সময় পনি হুমকি দিয়ে তার (রাকিবের) মোটরসাইকেল নিয়ে যেতো।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র্যাব-২ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব কথা জানান।
গ্রেফতার দুজন হলেন- হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিক।
নয়মুল হাসান বলেন, র্যাব-২ জানতে পারে, দেশব্যাপী আলোচিত ছিনতাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণকারী স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) হত্যা মামলার সন্দিগ্ধ ছিনতাইকারীরা রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার সন্দিগ্ধ, ছিনতাইকারী চক্রের মূল হোতা মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজীকে (প্যারা পনি) তার সহযোগী সেড্রিক এবং ছিনতাইকার্যে ব্যবহৃত মোটরসাইকেল গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলও উদ্ধার করা হয়। মোটরসাইকেল মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোটরসাইকেলটি ঘটনার দিন পনি গাজীর হেফাজতে ছিল। এছাড়া ভুক্তভোগীর স্বামী আব্দুল মতিন ঘটনাস্থলে এই বাইকটি ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী এবং একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তি। সে দীর্ঘদিন ধরে রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ মোট ১৩টি মামলা রয়েছে।

মোটরসাইকেলটির মালিক রাকিবের বিষয়ে জানতে চাইলে নয়মুল হাসান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছেন, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল।
নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের ব্যাগ কে টেনেছিল- এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ঘটনাটি কেউ সরাসরি দেখেনি। মোটরসাইকেলের মালিক রাকিব নিশ্চিত করেছেন, ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে সেড্রিক বসা ছিল। এখন ব্যাগটি সেড্রিক টেনেছিল, নাকি পনি গাজী টেনেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা মোটরসাইকেলচালকের সঙ্গে পনি গাজীর দৈহিক গঠনের মিল রয়েছে। এছাড়া স্থানীয় ১৫ জন সোর্স র্যাবকে নিশ্চিত করেছে যে মোটরসাইকেলচালক পনি ছাড়া অন্য কেউ নয়। এছাড়া রাত আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত গ্রেফতার দুজনের মোবাইল ফোন ওই এলাকায় সক্রিয় ছিল বলেও জানান তিনি।

মোটরসাইকেলের মালিক রাকিবের সঙ্গে পনির সম্পর্ক কী জানতে চাইলে নয়মুল হাসান বলেন, রাকিব জানিয়েছে, পনি তার এলাকার বড় ভাই। রাকিবের একটি ওয়ার্কশপ রয়েছে। বিভিন্ন সময় পনি জোর করে তার মোটরসাইকেল নিয়ে যেতো। গত ২৬ আগস্ট থেকে শনিবার বিকেল পর্যন্ত মোটরসাইকেলটি পনির কাছে ছিল। বাইকটি নিয়ে পনি কী করতো, সে বিষয়ে রাকিবের কোনো ধারণা নেই। মোটরসাইকেল দিতে না চাইলে পনি তাকে হুমকি-ধামকি দিতো বলেও রাকিব জানিয়েছে।
রাকিবকে গ্রেফতার দেখানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হবে।