বিজ্ঞাপন
রংপুরে ৪ হত্যা
সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
বিজ্ঞাপন
রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) রাতে তাদের আটক করে ডিবি পুলিশ। পরে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
রংপুর মহানগর ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাতে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের পরপরই দুই বন্ধু মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চারজনকে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেন সিদ্ধার্থ।
এরপর সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তারা সেখানে না আসায় শনিবার রাতে তাদের বাসা থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, জিজ্ঞাসাবাদে সিদ্ধার্থের বাবা ও বড় ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হবে।
তিনি বলেন, আপাতত তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।