বিজ্ঞাপন
মাদকের বিরুদ্ধে দাঁড়ালো এক গ্রামের কিশোর থেকে বৃদ্ধ সবাই
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম
বিজ্ঞাপন
চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকোটা গ্রামে মাদকবিরোধী সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে প্রত্যন্ত ওই গ্রামের কিশোর, যুবক থেকে বৃদ্ধ সবাই অংশ নেন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পটিয়ার ধলঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেকোটা গ্রামে স্থানীয় পূর্বপাড়া জামে মসজিদ মাঠে মাদকের বিরুদ্ধে সমাবেশে একত্রিত হন এলাকাবাসী।
সাম্প্রতিক সময়গুলোতে আশেপাশের এলাকায় মাদকসেবী থেকে কারবারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী এক হয়ে মাদকবিরোধী এ সমাবেশ করেন। পরে গ্রামে ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা।
মাদকবিরোধী সমাবেশ শেষে গ্রামে ঘুরে বিক্ষোভ মিছিল করা হয়
এ সময় এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে সতর্ক করেন স্থানীয়রা।
মসজিদ মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী সভায় বক্তব্য দেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. নাসির, আহম্মদ নুর, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ধলঘাট কৃষক দলের সভাপতি নুর হোসেন, ব্যাংকার ফজলুল করিম, ছাত্রদল নেতা সাকিব, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, বিএনপি নেতা ছোটন, নাজিম উদ্দিন বাহার, সজিব, সাকিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তেকোটা এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকের ভয়াবহতা বেড়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সম্প্রতি ওই এলাকা থেকে কয়েকজনকে মাদকসংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছে। এতে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যাতে কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন ও সোচ্চার হতে হবে। মাদক কারবার ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।