Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নারীসহ ৭ ভুয়া সিআইডি পুলিশ আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

নারীসহ ৭ ভুয়া সিআইডি পুলিশ আটক

বিজ্ঞাপন

মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা নিজেদের সিআইডি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ওই নারীকে তুলে নিতে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাকোল গ্রামের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই এলাকার আসমা খাতুন (৩১), ওসমান গনি (২৫), সাব্বির হোসেন (২২), পবহাটি এলাকার হাসানুজ্জামান হাসান (২৮), আরাপপুর এলাকার সালমান শাহ (২৫), আড়মুখ গ্রামের সাকিব হোসেন (২৩) এবং মাগুরার শালিখা উপজেলার দোবিলা গ্রামের আল আমিন হোসেন (২২)।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে নাকোল এলাকায় একটি মাইক্রোবাসের সন্দেহজনক চলাচল পুলিশের নজরে আসে। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে সিআইডি লেখা চারটি জ্যাকেট ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ সময় আটটি মোবাইল ফোনসহ মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ৭ জন সিআইডি পুলিশের পরিচয় ব্যবহার করে নাকোল গ্রামের শ্রাবণী নামের এক নারীকে অপহরণ করতে গিয়েছিলেন। তারা ঝিনাইদহ থেকে মাইক্রোবাসে করে নাকোলে আসেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্রাবণীর প্রায় এক বছর আগে নাকোল গ্রামের মোস্তাক নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হলে তিনি ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই এলাকার শিমুল নামে আরেক যুবককে বিয়ে করেন। তবে প্রায় এক সপ্তাহ আগে প্রথম স্বামী মোস্তাক শ্রাবণীকে দ্বিতীয় স্বামী শিমুলের কাছ থেকে নিয়ে আসেন।

এরপর শ্রাবণীকে ফিরে পেতে শিমুল অপহরণের পরিকল্পনা করেন বলে জানায় পুলিশ। এ জন্য পাঁচ লাখ টাকার চুক্তিতে আটক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। চুক্তি অনুযায়ী, সিআইডির জ্যাকেট পরে ও খেলনা পিস্তল সঙ্গে নিয়ে শ্রাবণীকে তুলে নিতে নাকোলে আসেন তারা।

এ ঘটনায় আটক সাতজনের পাশাপাশি শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুলের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার