বিজ্ঞাপন
পদত্যাগে বাধ্য করার মামলায় সালমান এফ রহমানের জামিন, ৫০০ টাকার মুচলেকা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২০ এএম
বিজ্ঞাপন
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক সিইও এস এম ফরমানুল ইসলামকে মারধর, প্রাণনাশের হুমকি ও জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ফরমানুল ইসলাম আদালতে মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়। পরে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বিআইএফএফএলের সিইও থাকাকালে ফরমানুল ইসলামকে সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ঋণ ও বিনিয়োগ সুবিধা দেওয়ার চাপ দেওয়া হয়েছিল। এর মধ্যে সালমান এফ রহমানের মালিকানাধীন তিস্তা সোলার প্রকল্পের জন্য প্রায় ১৮৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) ঋণ দেওয়ার চাপ ছিল। এ ছাড়া সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ডে বিনিয়োগের আগাম নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে।
সেই সঙ্গে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জামানত ছাড়াই শত শত কোটি টাকার ঋণ সুবিধা দেওয়ার চাপ দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়। তবে ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে খেলাপি ঋণসহ বিভিন্ন জটিলতা থাকায় এসব প্রস্তাবে সম্মতি দেননি তৎকালীন সিইও ফরমানুল ইসলাম।
বোর্ড সভায় মারধর
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ২৮ জুলাই বিআইএফএফএলের ৮০তম বোর্ড সভা চলাকালে চাহিদামতো ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে রাজি না হওয়ায় ফরমানুল ইসলামের ওপর আসামিরা চড়াও হন। একপর্যায়ে তার জামার কলার ধরে টানাহেঁচড়া এবং চড়-থাপ্পড় মারা হয়। এসময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, পদত্যাগে বাধ্য করার পর ফরমানুল ইসলামের অফিসিয়াল মোবাইল ফোনের সিম বন্ধ করে দেওয়া হয়। তার ই-মেইল ব্যবহারে বাধা দেওয়া এবং ব্যক্তিগত গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়। এছাড়া তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল।