বিজ্ঞাপন
শাকসু নির্বাচন নিয়ে ফের সরব হচ্ছে শাবিপ্রবি শিক্ষার্থীরা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম
বিজ্ঞাপন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সাত মাস অতিক্রম করেছে। দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে ফের সরব হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (২৩ আগস্ট) রাতে শাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী নিয়ে গঠিত ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’ নামে একটি প্লাটফর্ম থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর শাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও, নানা জটিলতা ও কালক্ষেপণের কারণে আজও শিক্ষার্থীরা তাদের বহুল প্রত্যাশিত নির্বাচন থেকে বঞ্চিত।
সর্বশেষ একটি রিটের প্রেক্ষিতে নির্বাচনের আগের দিনে শাকসু নির্বাচন ২৮ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও নির্বাচন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ও দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাকসু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়, এটি শাবিপ্রবির সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার। ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এই অনিশ্চয়তার অবসান চায়।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে-
প্রথমত, অতিদ্রুত শাকসু নির্বাচন আয়োজনের একটি সুস্পষ্ট ও সময়বদ্ধ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
দ্বিতীয়ত, নির্বাচন আয়োজনের পথে কার্যকর পদক্ষেপ নিয়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুত নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দেবে বিজ্ঞপ্তিতে এমন প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা। শাকসুর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শাকসু পুনরুদ্ধার আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।
এ বিষয়ে শাকসু নির্বাচনের জিএস পদপ্রার্থী ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, হাইকোর্ট চার সপ্তাহের সময়সীমা দিলেও দুঃখজনকভাবে সেই সময় যেন শেষ হচ্ছেনা। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ভালো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা প্রশাসনের সঙ্গে শাকসু নিয়ে বসতে চাইলেও তারা গড়িমসি করে নির্বাচনকে নিষ্ক্রিয় করতে চাইছে বলে আমরা মনে করছি। আমরা কালক্ষেপণ ছাড়াই দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।
প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও এর একদিন আগে ১৯ জানুয়ারি চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। এরপর সাত মাস পেরোলেও শাকসু নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।