বিজ্ঞাপন
শিক্ষককে ‘স্যার’ স্ত্রীকে ‘কাকি’ ডাকতেন খুনিরা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
বিজ্ঞাপন
বাড়ির ছাদে বসে ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। সম্পর্কে তারা মামাতো ভাই। মুগ্ধ সিটি বাজারের একজন মাছ বিক্রেতা এবং সিদ্ধার্থ স্বর্ণের দোকানের কারিগর।
নিহতরা হলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আটককৃত যুবক মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এ মামলার চার্জশিট দাখিল করাসহ প্রকৃত আসামিদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।
আরপিএমপি কমিশনার বলেন, এলাকার বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে ওই শিক্ষকের বাসায় তারা আড্ডার পরে মাদকসেবন করছিল। গণপতি চক্রবর্তী তাদের বাধা দেয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তাকেসহ পরিবারের সদস্যদের হত্যা করে।
তিনি বলেন, আসামিরা ওই এলাকার বাসিন্দা। তারা শিক্ষক গণপতি চক্রবর্তীকে ‘স্যার’ ও তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে ‘কাকি’ ডাকতেন। তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীর সঙ্গে কথা বলত না। ছোট ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং তাদের ছোট ভাইয়েরা প্রিয়মের সঙ্গে খেলাধুলা করতো।
পুলিশ কমিশনার বলেন, রোববার ভোরে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। স্বীকার করেছে ওরা নিয়মিত মাদকসেবন করতো না। যেখানে এমন নির্মাণাধীন ভবন পায়, সেখানেই নেশাগ্রস্তরা গিয়ে আড্ডা দেয়।
ঘটনার দিন বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদককারবারির কাছ থেকে ইয়াবা কিনে সীমান্ত নামের স্থানীয় এক ব্যক্তির বাসায় তা সেবন করেন। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান।
আবদুল মাবুদ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। যে বাসায় ঘটনাটি ঘটেছে আমরা সেখানে ইয়াবা সেবনের আলামত পেয়েছি। আমরা সন্দেহ করি ঘটনার আগে পরে তারা ইয়াবা সেবন করেছে। তারা সেখানে খেজুরও খেয়েছে। আমরা খেজুরের বিচি আলামত হিসেবে ডিএনএ টেস্ট করেছি। ফ্রিজ থেকে শসা খেয়েছে, সেটার অর্ধেকে কামড় দেয়া রয়েছে। আসামিদের শনাক্তে এসব আলামত আমরা গুরুত্ব সহকারে দেখেছি।
আসামিদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কমিশনার দাবি করেন, এ হত্যাকাণ্ডের ঘটনা শেষ হলে আসামিদের শরীর খুব উত্তেজিত ছিল। তখন তারা শসা খায়। এরপর তারা গোসল করে। আমরা সেখান থেকে একটা চুড়ি পেয়েছি, যেটাতে আগুনে পোড়ানোর দাগ রয়েছে।
তিনি বলেন, আসামিরা একে একে চারজনকে খুন করেছে। প্রথমে বাসার ছাদে শিক্ষক গণপতি চক্রবর্তীকে, এরপর সিঁড়ির কাছে প্রীতিলতা ও তার মেয়ে প্রার্থীকে। সবশেষে ঘুমন্ত প্রিয়মকে তারা কাপড় পেঁচিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করে।
প্রসঙ্গত, শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ার একটি বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।