Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঢাকায় নেওয়ার পথে ১৩ বস্তা ‘ঘোড়ার মাংস’ জব্দ, আটক ৫

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম

ঢাকায় নেওয়ার পথে ১৩ বস্তা ‘ঘোড়ার মাংস’ জব্দ, আটক ৫

বিজ্ঞাপন

জামালপুরে ১৩ বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ও পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এগুলো ‌‘ঘোড়ার মাংস’ বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর ঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। মাংসগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়ার কথা ছিল।

আটক ব্যক্তিরা হলেন জামালপুরের সরিষাবাড়ি থানার হানচার পাড় গ্রামের রমজান আলীর ছেলে জুয়েল (৪০), টাঙ্গাইলের গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে শহীদ মিয়া (৪০) ও চরদোবাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুরের জাজিরা থানার বাটকুল গ্রামের আমির হোসেনের ছেলে রাসেল মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। সেখানে বস্তাগুলো গাড়িতে ওঠানোর সময় তীব্র পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ ১৩ বস্তা মাংস জব্দ করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, জব্দ করা মাংস আসলে ঘোড়ার কি-না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার