বিজ্ঞাপন
একাদশে ভর্তিতে শিক্ষার্থীদের মাইগ্রেশন নিয়ে নতুন সিদ্ধান্ত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম
বিজ্ঞাপন
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে মাইগ্রেশন সুবিধা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগের মতোই ভর্তিতে মাইগ্রেশনের সুযোগ পাবেন।
রোববার (২৩ আগস্ট) একাদশে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নতুন নিয়মে ভর্তির ক্ষেত্রে প্রথম দফায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে মাইগ্রেশনের বিষয়টি নিয়ে সুস্পষ্ট তথ্য ছিল না। এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় মন্ত্রণালয় থেকে মাইগ্রেশন পদ্ধতি বহাল রেখে পুনরায় একটি প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছিল। সে অনুযায়ী আমরা সংশোধিত প্রস্তাবনা পাঠিয়েছি।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।
বিগত বছরগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশে ভর্তির জন্য আবেদনের সুযোগ পেতেন। তবে এ বছর প্রথম পর্যায়ে একবারই সুযোগ পাবেন।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।
কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি করা হচ্ছে। শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। পরে ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।
এদিকে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
সারা দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার মোট আসনের অর্ধেকের বেশি খালি থাকবে। তবে আসন বেশি থাকলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী তাদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। কারণ তুলনামূলক ভালো প্রতিষ্ঠানগুলোয় আসনসংখ্যা সীমিত।