বিজ্ঞাপন
ঢাকায় এক দেশের দূতাবাসে ই-মেইলে হামলার হুমকি, নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম
বিজ্ঞাপন
ঢাকায় অবস্থিত একটি দেশের দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হামলার হুমকি দিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। এ ঘটনার পর ওই দূতাবাসসহ ঢাকার সব দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত বুধবার (১৯ আগস্ট) রাতে সন্ত্রাসী গোষ্ঠী ই-মেইল করে ওই দূতাবাসে হামলার হুমকি দেয় বলে জানা গেছে।
পরদিন বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পুলিশের বিশেষায়িত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।
ঘটনার দুদিন পর শনিবার (২২ আগস্ট) রাতে সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসবাদ দমন ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সিটিটিসি যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে ঢাকার বারিধারায় অবস্থিত একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার কর্মকর্তা এবং বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত ১০ জন বিদেশি নাগরিকও উপস্থিত ছিলেন।
জানা গেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী ই-মেইলের মাধ্যমে দূতাবাসে হামলার হুমকি দেয়। হুমকির পর ওই দূতাবাস থেকে পুলিশ সদর দপ্তর ও কাউন্টার টেরোরিজম ইউনিটকে বিষয়টি জানানো হয়। পরে তাৎক্ষণিকভাবে সিটিটিসি ও পুলিশ সদর দপ্তর থেকে কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা করেন।
এ বিষয়ে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছি। কারা এবং কোন উগ্রবাদ সংগঠন থেকে ই-মেইল পাঠানো হয়েছে সেটি বের করার চেষ্টা করেছি। হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। তবে এটি স্ক্যাম মেইলও হতে পারে।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দূতাবাসের জন্য ডিপ্লোমেটিক জোনের পুলিশ রয়েছে। তারাই নিরাপত্তার বিষয়টি দেখবেন।
গোয়েন্দা সূত্র জানায়, দূতাবাসে হামলার হুমকির পর ঢাকায় সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করে তাদেরও অবস্থান জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।