Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে ‘অতীব জরুরি’ নির্দেশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে ‘অতীব জরুরি’ নির্দেশ

বিজ্ঞাপন

দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট কমাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা এক চিঠিতে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি পূরণে এক লাখ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় ২০১৮ সালের নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা অনুসরণ করে ১৩ থেকে ১৬তম গ্রেডের সব শূন্য পদে পদোন্নতি ও সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

আগে যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করা হয়েছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠানকেও নতুন করে উদ্যোগ নিতে বলা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নিয়োগ প্রক্রিয়া অসম্পন্ন ছিল, সেগুলোর ক্ষেত্রে শূন্য পদের ছাড়পত্র নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আগের আবেদনকারীদের সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথাও বলা হয়েছে।

কোনো প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত মামলা বা প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ কার্যক্রমও দ্রুত সচল করার লক্ষ্য রয়েছে।

চিঠিতে প্রধান সহকারী পদ নিয়েও একটি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। ১৯৮৫ সালের নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী বিভাগীয় কার্যালয়সহ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন কিছু প্রতিষ্ঠানে প্রধান সহকারী পদ ১৩তম গ্রেডের। তবে ২০১৮ সালের বিধিমালায় পদটি ১৪তম গ্রেডে অন্তর্ভুক্ত হওয়ায় পদোন্নতির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে ১৪তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী বা সমমানের কর্মীদের ১৩তম গ্রেডের শূন্য পদে নিজ বেতনে অথবা চলতি দায়িত্বে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়োগ কার্যক্রমের অগ্রগতিও নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠাতে হবে। এ তথ্য হার্ডকপির পাশাপাশি ই-মেইলেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার