বিজ্ঞাপন
যে সব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় গিয়ে অনেকে ভিসার শর্ত মানেন না। শর্ত না মানলে বর্তমান ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা প্রাপ্তি কঠিন হতে পারে বলে জানিয়েছে দেশটি।
শনিবার (২২ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন বলেও জানানো হয়।
সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখতে অনুরোধ জানিয়েছে দেশটি।
এর আগে গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) একটি নতুন নিয়ম জারি করে।
নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন।
নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অথবা দেশ ছেড়ে চলে যাওয়ার পর নতুন করে আবেদনের মাধ্যমে আবার ফিরে আসতে হবে।
ডিএইচএসের তথ্য অনুযায়ী, বিগত বছরে স্টুডেন্ট ভিসায় রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তবে এই বিপুল সংখ্যার কারণে তাদের ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করছে দপ্তরটি।