বিজ্ঞাপন
সিনেপ্লেক্সের শৌচাগারে নারীর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম
বিজ্ঞাপন
চট্টগ্রামে সিনেপ্লেক্সের শৌচাগারে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাতে নাসিরাবাদের ফিনলে স্কয়ারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জিতু পাল (২৩)। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা। তিনি ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সাত-আট মাস ধরে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান। একপর্যায়ে তিনি শৌচাগারে গেলে সেখানে কৌশলে মোবাইল ফোন দিয়ে তার ভিডিও ধারণ করা হচ্ছে বুঝতে পেরে হাতেনাতে জিতুকে আটক করেন।
পরে আশপাশে থাকা লোকজন জিতুর মোবাইল ফোনটি পরীক্ষা করে ওই নারীর ভিডিও দেখতে পান। একই সঙ্গে বিভিন্ন সময়ে আরও কয়েকজন নারীর গোপনে ধারণ করা ভিডিও সেখানে পাওয়া যায়। এ ঘটনায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ও উপস্থিত লোকজন পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতুকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মোবাইল ফোনে পাওয়া ভিডিওগুলো যাচাই-বাছাইসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।