Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুনকবির, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুনকবির, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী

বিজ্ঞাপন

সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার বাড়ছে। নতুন করে পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পাশাপাশি একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। নতুনদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। চিফ হুইপ মো. নূরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া পাঁচজন হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এরমধ্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হচ্ছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।

নতুন সদস্যদের মধ্যে ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী, মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির ইতোমধ্যে বঙ্গভবনে পৌঁছেছেন বলে জানা গেছে।

কে কোন দায়িত্ব পাচ্ছেন

মন্ত্রিসভায় যুক্ত হওয়া ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টন করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির জোটসঙ্গী বিজেপির এই নেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য।

বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। গত ১ জুন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য রয়েছে।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন। তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, নাকি তার দফতর পরিবর্তন করা হবে, তা প্রজ্ঞাপন জারির পর জানা যাবে।

দফতরে আসতে পারে রদবদল

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভার কয়েকজন পুরোনো সদস্যের দফতরেও পরিবর্তন আসতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন বলেও আগে জানা গেছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, বস্ত্র ও পাট, শিল্প ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ আরও কয়েকটি দপ্তরে রদবদলের সম্ভাবনা রয়েছে।

তবে কোন মন্ত্রীকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির পরই নিশ্চিত হবে।

ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় পরিবর্তন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

এরপর গত মার্চে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। একই দিনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান আহমেদ আযম খান এবং ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সর্বশেষ গত ১ জুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। এবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও নতুন করে বণ্টন হতে যাচ্ছে।

বর্তমানে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টার মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগ ও পদোন্নতির পর মন্ত্রিসভার আকার আরও বাড়বে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার