Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পরিবর্তন আসছে যেসব মন্ত্রণালয়ে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

পরিবর্তন আসছে যেসব মন্ত্রণালয়ে

বিজ্ঞাপন

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবার পর পাঁচ থেকে ছয়টি মন্ত্রণালয়ে আসছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন ও পরিবর্তন। এ লক্ষে মন্ত্রিসভায় নতুন করে ছয় জনকে অন্তর্ভুক্ত করার কথা জানা গেলেও তাদের মধ্যে এখন পর্যন্ত চার সদস্যের নাম পাওয়া গেছে।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি, খাদ্য, তথ্য ও সম্প্রচার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে পরিবর্তন আসতে পারে। এর সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়েও রদবদলের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাওয়া চারজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সূত্রের দাবি, শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করা হতে পারে। এ জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকটি পতাকাবাহী গাড়িও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এসব গাড়ির জন্য নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের শরিক দলগুলোর নেতারাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। রদবদল ও সম্প্রসারণের বিষয়ে শুক্রবার সন্ধ্যা অথবা শনিবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন। নতুন চার সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার পরিধি আরও বাড়বে।

এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন ও শপথের আনুষ্ঠানিকতার মধ্যেই মন্ত্রিসভায় এই সম্প্রসারণ ও রদবদল সরকারের প্রশাসনিক কাঠামোয় নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার