বিজ্ঞাপন
কক্সবাজারে ৪০ শ্রমিক নামিয়ে মধ্যরাতে দখল ১০ একর খাসজমি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম
বিজ্ঞাপন
কক্সবাজার শহরের সুগন্ধা সমুদ্রসৈকত পয়েন্টে মধ্যরাতে সরকারি খাসজমি দখলের অভিযোগ উঠেছে। সৈকতে প্রবেশের ডান পাশে ১০ একরের বেশি জায়গা টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে একটি চক্র। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দখলের চেষ্টা করা ওই জমির বর্তমান বাজারমূল্য কয়েক শ কোটি টাকা।
শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে জমিটি ঘেরাওয়ের কাজ শুরু হয়। প্রায় ৩০ থেকে ৪০ জন শ্রমিক সেখানে টিন ও বাঁশের বেড়া নির্মাণ করেন। তাদের সঙ্গে আরও ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে অবস্থান করছিল বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
সরেজমিনে রবিবার দেখা যায়, সুগন্ধা সৈকতের প্রবেশপথের ডান পাশে বড় একটি অংশ টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। তবে কারা ওই জমি ঘেরাও করেছেন, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকাংশই প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
স্থানীয় পর্যায়ে গুঞ্জন রয়েছে, ঘেরাও করা জমিটি এস আলম গ্রুপের বাতিল হওয়া একটি প্লটের অংশ। এ দখলের সঙ্গে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা জড়িত বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার জানান, ঘেরাওয়ের সময় ওই জায়গায় দুই শতাধিক ভাসমান দোকান ছিল। শুক্রবার গভীর রাতে শ্রমিকেরা দোকান সরিয়ে জায়গাটি ঘেরাও করতে গেলে হকারদের কয়েকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতের আঁধারে তড়িঘড়ি করে ঘেরাওয়ের কাজ করা হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে টিন ও বাঁশের বেড়া দিয়ে বড় অংশটি ঘিরে ফেলা হয়।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হকাররা লাঠিসোঁটা নিয়ে প্রায় ১০০ ফুট দীর্ঘ টিনের বেড়ার একটি অংশ ভাঙচুর করেন।
তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, জমিটি কারা দখল করতে চেয়েছে কিংবা তাদের পেছনে কারা রয়েছেন, সে বিষয়ে স্থানীয় কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে চাননি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় যুবদল নেতা আজিজুল হক সোহেল নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, সুগন্ধা পয়েন্টের সরকারি জমি আবারও দখলবাজদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি না। রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে কেউ সরকারি জমি দখলের চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, প্রশাসনের নাকের ডগায় এই দখল হয়েছে। অথচ সারাদিন প্রশাসনের ভূমিকা ছিল রহস্যময়। পর্যটন শিল্পের বিকাশে রাজনৈতিক দলগুলোর নেতাদের ‘রুচির দুর্ভিক্ষ’ বারবার ফুটে উঠছে।
তিনি বলেন, যে দলই ক্ষমতায় আসে, তাদের একটি অংশ সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় জায়গা দখল করে ঝুপড়ি দোকান নির্মাণে আগ্রহী হয়ে ওঠে। এভাবে সৈকতের পরিবেশ ও পর্যটনের স্বার্থ নষ্ট করা হচ্ছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সায়েম বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখলের ঘটনায় জড়িত একজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, ওই জায়গার মালিকানা বা ইজারার পক্ষে কারও বৈধ নথি থাকলে তা জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর কাছে উপস্থাপন করতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কাউকে সরকারি জমি দখল বা ঘেরাও করার অনুমতি দেওয়া হয়নি।
তানভীর হোসেন সায়েম আরও বলেন, অবৈধ অবকাঠামো ও টিনের বেড়া অপসারণের জন্য শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা ও ঘেরাও সরিয়ে না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রশাসনের ওই নির্দেশের পরও রোববার দুপুর পর্যন্ত ঘটনাস্থলে দৃশ্যমান কোনো উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, মধ্যরাতে শত শত ভাসমান দোকান সরিয়ে দেওয়া এবং টিন-বাঁশের বেড়া দিয়ে বিশাল এলাকা ঘেরাওয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও হকারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পর্যটন নগরীর গুরুত্বপূর্ণ এই এলাকায় সরকারি জমি দখলের অভিযোগের পেছনে কারা রয়েছে এবং তাদের সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি না, এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।