বিজ্ঞাপন
রিকশায় মাইক্রোবাসের ধাক্কা, বিএনপি নেতা নিহত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৪০ এএম
বিজ্ঞাপন
নোয়াখালীর সেনবাগে ব্যাটারিচালিত অটোরিকশায় বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কানকিরহাট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। অন্যদিকে আহত কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক সুমন ও রিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার ৭ টার দিকে কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি রিকশায় কানকিরহাটের উদ্দেশ্যে রওনা হন।
পথে একটি দ্রুতগতির মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোড়ে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে অটোরিকশায় থাকা ইউপি চেয়ারম্যান, তার সহযাত্রী মোশাররফ হোসেন এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে মোশাররফ হোসেন মজুমদার মারা যান।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার অটোরিকশা ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।