বিজ্ঞাপন
পুলিশের ‘প্রেম কাহিনী’ মানতে নারাজ স্থানীয়রা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:১১ এএম
বিজ্ঞাপন
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় রংমিস্ত্রি বাবুল মিয়ার একক জবানবন্দিকে ঘিরে পুলিশের তড়িঘড়ি বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে জানিয়ে তাদের দাবি, ‘পুলিশকে তা খুঁজে বের করতে হবে’।
এদিকে নগরীর আম্বরখানা থেকে শুক্রবার খণ্ডিত পায়ের পাতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নতুন করে নগরজুড়ে আলোচনা শুরু হয়েছে।
১২ আগস্ট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকার নিজ বাসা ‘মিতালী ১১১ নিকুঞ্জ ভিলায়’ খুন হন প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের গৃহকর্মী তাহমিনা।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, আব্দুস সাত্তার-সুরাইয়া দম্পতির গৃহকর্মী তাহমিনা বাবুলকে গালি দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল প্রথমে তাহমিনাকে ছোরা দিয়ে বুকে আঘাত করে। পরে সুরাইয়া ও আব্দুস সাত্তারকে ছোরা দিয়ে আঘাত করে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে সে।
তবে পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করেছেন স্থানীয়রা। মিতালী সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, এই মার্ডার কোনো ‘প্রেম কাহিনী’ বা অনৈতিক সম্পর্কের কারণে হয়েছে বলে আমার মনে হয় না। মেয়েটা ২২ দিন আগে বাসায় কাজ শুরু করেছে। এর মধ্যেই বাবুলের সঙ্গে এতকিছু করে ফেলবে বলে বিশ্বাস হয় না। এর পেছনে অন্য কোনো রহস্য আছে। পুলিশকে তা খুঁজে বের করতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক নাজু বলেন, এত কম সময়ে তিনজন মানুষকে হত্যা করা কোনো সাধারণ ঘটনা নয়, এটি পেশাদার খুনিদের কাজ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাঈনুল জাকির জানান, বাবুল নিজেই হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম বলেন, প্রাথমিকভাবে বাবুলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।
হত্যাকাণ্ডের দিনই ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সম্পত্তিসংক্রান্ত বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আব্দুস সাত্তারকে হত্যা করা হতে পারে। রিকাবীবাজারের জমি নিয়ে বিরোধ হত্যাকাণ্ডের প্রধান সূত্র ধরে তদন্ত করা উচিত।
আব্দুস সাত্তারের আইনজীবী আজিজুর রহমান মানিক জানান, বিতর্কিত জমি ও ‘ইম্পালস টাওয়ার’ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে মামলা চলছিল এবং কিছুদিন আগেও আব্দুস সাত্তারকে হুমকি দেওয়া হয়েছিল।
এদিকে সিলেটের আম্বরখানা এলাকায় শুক্রবার ময়লার স্ত‚প থেকে সাদা কাপড়ে মোড়ানো খণ্ডিত পায়ের পাতা উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি সহিদুর রহমান বলেন, খণ্ডিত পায়ের পাতার সুরতহাল প্রতিবেদন তৈরি করে সেটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, কোনো রোগীর কাটা পা কেউ ফেলে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো অপরাধের যোগসূত্র রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।