বিজ্ঞাপন
পে স্কেলের জট খুলতে আজ অর্থমন্ত্রীর নেতৃত্বে বৈঠক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:২২ এএম
বিজ্ঞাপন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের জট যেন খুলছেই না। বিচার বিভাগ বা জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ায় শেষ মুহূর্তে নতুন করে পর্যালোচনার প্রয়োজন হয়েছে।
এই জটিলতা নিরসন এবং পে স্কেল বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বে এসংক্রান্ত সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অর্থসচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন না। তাই গতকালের সভাটিকে নিষ্ফল বৈঠক হিসেবে মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র জানায়, গতকাল সচিব পর্যায়ের কমিটির বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সুপারিশের মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। আজকের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা হবে।
এর আগে সরকার জাতীয় পে কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতনসংক্রান্ত সুপারিশ পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে।
কমিটিকে বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মূল চ্যালেঞ্জ হচ্ছে তিনটি পৃথক কাঠামোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা। বিচার বিভাগের সাংবিধানিক অবস্থান ও স্বাতন্ত্র্য বিবেচনায় তাদের বেতন কাঠামো নিয়ে আলাদা আলোচনা প্রয়োজন হয়েছে। তবে একই সঙ্গে জাতীয় পে স্কেলের অন্যান্য গ্রেড ও সুবিধার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ।
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এতে সর্বনিম্ন মূল বেতন আট হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে এক লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ রয়েছে।
কমিশনের হিসাবে, পুরো সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে বেতন ও পেনশন বাবদ সরকারের ব্যয় প্রায় এক লাখ ৩১ হাজার কোটি টাকা। ফলে নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট ব্যবস্থাপনাও বড় বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসেনি। বরং কিভাবে ধাপে ধাপে এটি কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা চলছে। নতুন বেতন কাঠামোর জন্য চলতি অর্থবছরের বাজেটে উল্লেখযোগ্য পরিমাণ অর্থসংস্থানের প্রস্তুতিও রয়েছে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কবে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হবে।