Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সিলেটে ট্রিপল মার্ডার ঘটনার রহস্য উদঘাটন পুলিশের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

সিলেটে ট্রিপল মার্ডার ঘটনার রহস্য উদঘাটন পুলিশের

বিজ্ঞাপন

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় ট্রিপল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কসাই বাবুলকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ঘটনাস্থলের পাশের একটি খালি জায়গায় অভিযান চালায় পুলিশ।

হত্যাকাণ্ডে বাবুল জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

এই ঘটনায় নিহতরা হলেন—বাসার গৃহকর্তা এম এ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা। অভিযুক্ত বাবুল রঙের মিস্ত্রির কাজ করেন এবং মাঝে মাঝে কসাইয়ের কাজও করেন।

নিহত এম এ সাত্তারের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে রায়নগর এলাকায় নিজ ফ্ল্যাটের দ্বিতীয় তলায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বসবাস করতেন। তাঁর চার সন্তান বিদেশে বসবাস করেন বলে জানিয়েছেন স্বজনরা। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

একই ঘটনায় নিহত তাহমিনার বাড়ি সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার এলাকায়। তাঁর বাবা আপ্তাব মিয়া পেশায় একজন দিনমজুর।

ঘটনার বিবরণ দিতে গিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, অভিযুক্ত বাবুলের সঙ্গে গৃহকর্মী তাহমিনার গত ১৫–২০ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আজ সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে বাবুল ওই বাড়িতে গেলে তাহমিনা নিজেই দরজা খুলে তাকে ভেতরে নেন এবং ভেতর থেকে ছিটকিনি আটকে দেন। তাদের আগে থেকেই শারীরিক সম্পর্কের অভিপ্রায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে কসাই পেশার সঙ্গে যুক্ত বাবুল তার কাছে থাকা ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন। এর মধ্যে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম সেখানে চলে এলে তাকেও হত্যা করেন বাবুল। এ সময় চিৎকার শুনে গৃহকর্তা এম এ সাত্তার দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গে বাবুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকেও একইভাবে হত্যা করা হয়।

হত্যাকাণ্ড শেষে অভিযুক্ত বাবুল বারান্দা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যান।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। বিকেল ৩টার কিছু আগে প্রযুক্তিগত সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে রায়নগর এলাকা থেকে বাবুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

তিনি আরও জানান, হত্যার পর ব্যবহৃত রক্তমাখা ছুরিটি একটি দেয়ালঘেরা পরিত্যক্ত প্লটে ফেলে দিয়েছেন বাবুল। পুলিশ বর্তমানে অস্ত্রটি উদ্ধারে অভিযান চালাচ্ছে।

প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, এটি মূলত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত ঘটনা। অন্যান্য বিষয় তাকে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার