বিজ্ঞাপন
সাভারের মসজিদের মাঠে বোমাসদৃশ প্রেসার কুকার, ঘিরে রেখেছে পুলিশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
বিজ্ঞাপন
ঢাকার সাভারে একটি মসজিদের খোলা মাঠ থেকে কালো কস্টেপে প্যাঁচানো বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। বস্তুটিকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে ওই এলাকাটি ফিতা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে সাভার মডেল থানার আওতাধীন ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাভারের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের খোলা মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত ড্রামটি খুললে ভেতরে সাধারণ কাপড়চোপড় ও কোরআন শরিফের সঙ্গে কালো কস্টেপে প্যাঁচানে একটি প্রেসার কুকার দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে বোমাসদৃশ ওই প্রেসার কুকারটি বের করে মাঠের একপাশে রেখে সকালে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওই নীল রঙের প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে দ্রুত পালিয়ে যায়। সকালে ড্রামটির ভেতরের সন্দেহজনক বস্তু দেখে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বস্তুটিকে প্রাথমিকভাবে বোমা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে এবং ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের দিকে আসছেন।
সার্বিক বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই কোনো দুষ্কৃতিকারী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।