বিজ্ঞাপন
সর্বোচ্চ নম্বরের লড়াইয়ে কুমিল্লার ৩ শিক্ষার্থীর তাক লাগানো সাফল্য
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:২২ এএম
বিজ্ঞাপন
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার লড়াইয়ে নজরকাড়া ফলাফল করেছে জেলার তিন শিক্ষার্থী। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর পেয়ে সেরা ফলাফলগুলোর একটি করেছে দেবিদ্বার উপজেলার মফিজ উদ্দিন আহমেদ গার্লস হাইস্কুলের শিক্ষার্থী জাকিয়া সুলতানা।
একইভাবে ১ হাজার ২১৫ নম্বর পেয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিসা তাবাসসুম। আর ১ হাজার ২১৪ নম্বর পেয়ে সাফল্যের নজির গড়েছে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী মো. জাহিদ হাসান জিসান।
শুধু সাধারণ শিক্ষা বোর্ড নয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলও কুমিল্লার শিক্ষার্থীদের সাফল্যে উজ্জ্বল হয়েছে। কুমিল্লার আলী মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম হুমাইরা ১ হাজার ৪০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩৭ নম্বর পেয়েছে। একই নম্বরের মধ্যে ১ হাজার ২২৭ নম্বর পেয়েছে কুমিল্লার জামেয়া আকবরীয়া সুন্নীয়া মাদ্রাসার শিক্ষার্থী ফারিহা আক্তার।
শিক্ষকদের ভাষ্য, নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতাই শিক্ষার্থীদের এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে তারা দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে—এমন প্রত্যাশা তাঁদের।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা তাবাসসুম বলে, ফলাফলে সে সন্তুষ্ট। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষায় আরও ভালো করার প্রত্যয়ও রয়েছে তার।
কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী মো. জাহিদ হাসান জিসানের লক্ষ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা করে দক্ষ প্রকৌশলী হওয়া। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আমেজ দেখা দিয়েছে।
সোমবার সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের ফলাফল অনুযায়ী, এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাঁদের মধ্যে ৯৫ হাজার ৩৯৯ জন পাস করেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন।
ফলাফল প্রকাশের পর কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায় উৎসবের আমেজ। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে শিক্ষার্থীরা নেচে-গেয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে এবং একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উদ্যাপন করে। তাদের সেই আনন্দে যোগ দেন শিক্ষক ও অভিভাবকেরাও।