বিজ্ঞাপন
রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম
বিজ্ঞাপন
রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ স্থানীয়দের সহায়তায় ছাত্রলীগ কর্মীসহ চারজনকে আটক করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন একত্রিত হয়ে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে অনেকে পালিয়ে গেলেও চারজনকে পুলিশ আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।