Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

লিটারে ১০ টাকা বাড়ল মিল্কভিটার দুধের দাম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

লিটারে ১০ টাকা বাড়ল মিল্কভিটার দুধের দাম

বিজ্ঞাপন

বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। ফলে খুচরা দোকানে প্রতিষ্ঠানটির প্রতি লিটার দুধ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত ৫ আগস্ট থেকে এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দোকানে দোকানে মিল্কভিটার নতুন দামের দুধের প্যাকেট পৌঁছে গেছে। এতে ৫০০ মিলিলিটার স্ট্যান্ডার্ড দুধ (লো ফ্যাট) ৫৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকায় এবং আধা লিটার টোন্ড মিল্ক ৫০ টাকার জায়গায় ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। আড়ং, প্রাণ বা ফার্মফ্রেশ এখনও দাম না বাড়ালেও খুচরা ব্যবসায়ীরা জানান, অন্যান্য কোম্পানিও খুব শিগগিরই দাম বাড়াতে পারে।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাকেজিং, গোখাদ্য, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় তরল দুধের প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন খরচ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। কারখানায় বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের কারণে এলপিজি ব্যবহারের বাধ্যবাধকতায় প্রতি লিটার দুধ উৎপাদনে আগের চেয়ে ১১ থেকে সাড়ে ১১ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।

এ ছাড়া গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রান্তিক খামারিদের স্বার্থরক্ষায় ১ আগস্ট থেকে খামারি পর্যায়ে দুধ সংগ্রহের মূল্য লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। খামারিদের টিকিয়ে রাখা এবং লাভ-লোকসান সামলে মানসম্মত সরবরাহ বজায় রাখতে বাধ্য হয়েই এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল।

হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। পুষ্টির অন্যতম প্রধান এই উপাদানের ওপর চাপ কমাতে উৎপাদন পর্যায়ে সরকারি ভর্তুকি বা ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে দাম বাড়ানোর প্রথম দু-একদিন বিক্রি কিছুটা কমলেও বাজারে মিল্কভিটার চাহিদা ও বিক্রি আবারও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল গণমাধ্যমকে বলেন, ‘চাল, ডাল ও অন্যান্য নিত্যপণ্যের দামের তুলনায় গত ১২ বছরে দুগ্ধ খাতে মূল্যবৃদ্ধি বেশ কম ছিল। খামারিদের টিকিয়ে রাখা ও মানসম্মত পণ্য উৎপাদন ধরে রাখার স্বার্থে আমরা দাম সমন্বয় করেছি। দুধের মানের বিষয়ে আমরা কোনো ছাড় দিই না। এ কারণে ভোক্তারাও আমাদের ওপরে আস্থা রাখছেন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার