বিজ্ঞাপন
ডিঙ্গি নৌকায় ভাসমান পেয়ারা বাজার ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:২৭ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য, নদীনির্ভর জীবনযাত্রা ও মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন। রোববার (৯ আগস্ট) বরিশাল সফরে এসে ডিঙ্গি নৌকায় ভ্রমণ এবং ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কীর্তনখোলা নদীতে একটি লঞ্চের ছাদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত বলেন, এই প্রথম বরিশালে আমার ভ্রমণ। বরিশাল খুবই সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ঢাকা থেকে এসে আমি ভাসমান বাজার ঘুরে দেখেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।
তিনি বরিশাল শহর ও এখানকার মানুষের প্রশংসা করে বলেন, শহরটি অত্যন্ত সুন্দর এবং এখানকার মানুষ খুবই আন্তরিক।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ক্রমশ শক্তিশালী হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে তিনি ভবিষ্যতেও তার বারবার বরিশাল সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে সকালে রাষ্ট্রদূত বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন। সেখানে তিনি মসজিদের স্থাপত্যশৈলী ও নান্দনিকতা ঘুরে দেখেন এবং এর নির্মাণকৌশলের প্রশংসা করেন।
মসজিদ পরিদর্শনের আগে তিনি মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
বরিশালে আসার আগে রাষ্ট্রদূত ঝালকাঠির বিখ্যাত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পেয়ারা বাগান ঘুরে দেখেন। নৌকায় করে ভাসমান বাজার পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয় মানুষের জীবনযাপন ও বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন।
বরিশাল সফরের বিভিন্ন পর্যায়ে তিনি স্থানীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নদী ও নৌকাকেন্দ্রিক জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পান।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন বিকেলে রাষ্ট্রদূত শহরের নতুন বাজার এলাকার ঐতিহাসিক শংকর মঠ পরিদর্শন করেন। এর আগে শনিবার রাতে লঞ্চযোগে বরিশালে পৌঁছান তিনি। যাত্রাপথে সাধারণ যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও আড্ডার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত আরও একদিন বরিশালে অবস্থান করবেন। সোমবার তাঁর অক্সফোর্ড মিশন চার্চ ও গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনের পাশাপাশি ঢাকায় ফেরার পথে পদ্মা সেতু সার্ভিস এরিয়াও ঘুরে দেখার কথা রয়েছে।