Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের পদোন্নতি, হলেন সচিব

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের পদোন্নতি, হলেন সচিব

বিজ্ঞাপন

আওয়ামী লীগ আমলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কাছ থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ হিসেবে নিজ মন্ত্রণালয়ে পদায়নের জন্য আধা সরকারি পত্র (ডিও লেটার) পাওয়া এক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার।

আওয়ামী লীগের প্রতিমন্ত্রীর এমন সুপারিশ পাওয়া সেই কর্মকর্তা জেসমিন নাহার বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ) হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সাবেক মন্ত্রীর হাত দিয়ে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ হিসেবে সনদ পাওয়া কর্মকর্তা সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই প্রশাসনের ভেতরে-বাইরে এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। অবশ্য ২০২২ সালের ২ নভেম্বর ইস্যু করা সেই ডিওলেটারের বিষয়ে বক্তব্য জানতে জেসমিন নাহারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ডিওলেটারটিতে দেখা যায়, তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে পাঠাতে সেটি লিখেছিলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। চিঠিতে তৎকালীন মানসিক প্রতিবন্ধী ফাউন্ডেশনের যুগ্ম সচিব পদে কর্মরত জেসমিন নাহারকে নিজের ব্যক্তিগত পরিচিত বলে উল্লেখ করেন তিনি।

ডিওলেটারে তৎকালীন প্রতিমন্ত্রী লেখেন, “জেসমিন নাহার মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের একজন নিষ্ঠাবান সৈনিক। তিনি আমার দেখা অত্যন্ত দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। মাঠ প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন বলে আমি অবহিত।”

জেসমিন নাহারকে নিজ মন্ত্রণালয়ে নিয়ে আসতে সুপারিশ করে চিঠিতে শরীফ আহমেদ আরও লেখেন, “প্রধানমন্ত্রী ঘোষিত 'বাংলাদেশ ভিশন ২০৪১' বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/অধিদপ্তরসমূহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ মন্ত্রণালয়ের গতিশীলতা আনয়নের ক্ষেত্রে কর্মদক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা পদায়নের প্রয়োজনীয়তা রয়েছে। সার্বিক বিবেচনায় জেসমিন নাহারকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘যুগ্মসচিব’ পদে পদায়ন করা হলে তিনি তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার