বিজ্ঞাপন
আন্ডারওয়্যারে লুকানো ‘গোল্ড পেস্ট’ জব্দ, দুবাইফেরত যাত্রী আটক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম
বিজ্ঞাপন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের (আন্ডারওয়্যার) ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দেশে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মোহাম্মদ তুসার (৩৩) নামে ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে কাস্টমস হলে তল্লাশির সময় তার অন্তর্বাসের ভেতরে পেস্ট আকারে লুকানো স্বর্ণ পাওয়া যায়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ২৪ ক্যারেটের প্রায় ১ হাজার ৪০০ গ্রাম (প্যাকিংসহ) ওজনের স্বর্ণের পেস্ট এবং পাঁচটি স্বর্ণের চুড়িসহ প্রায় ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
অভিযানের সময় যাত্রীর ব্যবহৃত পাসপোর্ট, বোর্ডিং পাস এবং একটি রেডমি মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে কাস্টমস কর্মকর্তারা জানতে পেরেছেন, বিমানবন্দরের মেটাল ডিটেক্টর ও নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতে বিশেষ রাসায়নিকের মাধ্যমে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসের ভেতরে লুকানো হয়েছিল। তবে কাস্টমস গোয়েন্দা, ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চোরাচালানের এই অভিনব কৌশল ব্যর্থ হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, বিশেষ ক্ষমতা আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।