বিজ্ঞাপন
আইফোন ছিনতাইয়ের অভিযোগ নিয়ে যা বললেন সারজিস আলম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
বিজ্ঞাপন
রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে মিথ্যা মামলা দেয়ার পুরনো সংস্কৃতি এখনও বজায় রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা সারজিস আলম। শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমলের একটি ঘটনার স্মৃতিচারণ করে সারজিস আলম লেখেন, আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের মামলা দিয়েছিল!
এরপর বর্তমান পরিস্থিতির অভিযোগ এনে তিনি আরও লেখেন, গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের এই ধরনের পুরোনো মানসিকতার তীব্র সমালোচনা করে এই এনসিপি নেতা বলেন, সেই পুরনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! Be a little dignified, please!
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের প্রধান সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, শহিদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি উসকানিমূলক স্লোগান দিতে দিতে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলায় ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরীর ডান কাঁধে লোহার রডের আঘাতে হাড় ভেঙে যায়। এ ছাড়া মোজাক্কির হোসেন ইমনের মাথায় ইটের আঘাত লেগে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন।
এ ছাড়া হামলাকারীরা আহতদের কাছে থাকা একাধিক আইফোন (আইফোন ১১, ১৩, ১৪ ও ১৫) এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে।