বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কুমিল্লায় মহাসড়কে দিনভর ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ার বাজার থেকে ময়নামতি ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
হাইওয়ে পুলিশ জানায়, ভারি বর্ষণে মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বিশেষ করে ময়নামতি এবং আমতলী এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে এসব এলাকায় এসে যানবাহন থমকে যায়।
এদিকে যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে বসে থেকে ভোগান্তির শিকার হন যাত্রী ও চালকরা।
ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহণের যাত্রী মো. আল মামুন বলেন, ১০ মিনিটের রাস্তা দুই ঘণ্টায় পাড়ি দিয়েছি।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, মহাসড়কে অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমতলী এলাকায় বড় বড় গর্ত রয়েছে। এতে যানবাহন কিছুটা ধীরগতিতে চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সকাল থেকেই কাজ করছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বৃষ্টির কারণে মহাসড়কে বিভিন্ন অংশে কিছু গর্ত সৃষ্টি হয়েছে। আমরা এগুলো মেরামতের কাজ করছি। বৃষ্টির কারণে সংস্কার কাজ কিছুটা বিঘ্ন হলেও আমরা দ্রুত সংস্কার সম্পন্ন করার চেষ্টা করছি।