Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভাইরাল ভিডিও নিয়ে আনসারের দাবি, পুরো ঘটনা উঠে আসেনি

শাহজালালে ট্রলি নিয়ে ধাক্কাধাক্কি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

ভাইরাল ভিডিও নিয়ে আনসারের দাবি, পুরো ঘটনা উঠে আসেনি

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রলি ব্যবহারের একটি ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি পুরো ঘটনার একটি খণ্ডিত অংশ। এতে প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরা হয়নি, যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, ফেসবুকের বিভিন্ন পেজে ‘ট্রলি নিতে বাধা, আনসারদের সঙ্গে প্রবাসীর স্বজনদের ধাক্কাধাক্কি’ শিরোনামে একটি ভিডিও প্রচারিত হওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। এরপর ঘটনাটির প্রকৃত অবস্থা জানতে তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করা হয়।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এর বহির্গেট দিয়ে কয়েকজন প্রবাসীর স্বজন নিয়মবহির্ভূতভাবে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তা বিধি অনুযায়ী তাদের প্রবেশে বাধা দেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি করা হয়েছে।

আনসারের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর প্রবাসী যাত্রীরা ক্যানোপি-২ এলাকায় পৌঁছালে তাদের স্বজনেরা বিমানবন্দরের ট্রলি নির্ধারিত এলাকার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত এলাকার বাইরে ট্রলি নেয়া নিষিদ্ধ থাকায় দায়িত্বরত আনসার সদস্যরা তাদের আবারও বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ট্রলি ব্যবহার না করে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের মালামাল হাতে ও কাঁধে বহন করে বিমানবন্দর ত্যাগ করেন।

বাহিনীটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনার কেবল একটি অংশ দেখা গেলেও এর আগে কী ঘটেছিল বা কেন ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা অনুপস্থিত। ফলে ভিডিওটি পুরো ঘটনার সঠিক চিত্র তুলে ধরে না।

আনসার আরও জানায়, দায়িত্ব পালনকারী সদস্যদের আচরণ পর্যালোচনা করে দেখা গেছে, তারা পুরো ঘটনায় ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রেখেছেন। কোনো উসকানির মুখেও তারা প্রতিক্রিয়াশীল আচরণ না করে কেবল বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তা বিধি বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি একটি মহল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ঘটনার অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে বাহিনীটি।

আনসার জানায়, বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তাদের সদস্যরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নির্দেশিকা, নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা নিজস্ব কোনো নিয়ম প্রয়োগ করেন না।

একই সঙ্গে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বাহিনীটি বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো আংশিক বা বিভ্রান্তিকর তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করতে। গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিধি-বিধান মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার