বিজ্ঞাপন
প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন যুবক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
বিজ্ঞাপন
ফেসবুকে পরিচয়, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে নেত্রকোনার মোহনগঞ্জে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের যুবক ওয়্যাং সুলিন (৩০)। বিয়ের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন মো. নুর উদ্দিন। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা (২০) মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে লিজা ও ওয়্যাং সুলিনের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিলে উভয় পরিবার এতে সম্মতি দেয়। এরপর গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে এসে মোহনগঞ্জে পৌঁছান।
গত ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মোঃ নুর উদ্দিন’ নাম ধারণ করেন। একই দিন আইনজীবীর মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করে তাঁদের বিয়ে হয়। আগামী ৩১ জুলাই মোহনগঞ্জে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করেছে কনের পরিবার। ইতোমধ্যে বিয়ের মঞ্চ নির্মাণ ও অতিথিদের মধ্যে দাওয়াতপত্র বিতরণের কাজ চলছে।
কনের বাবা মো. নাজিম উদ্দিন বলেন, বিদেশি নাগরিক হওয়ায় বিয়ের আগে তাঁরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। ছেলের পরিবার ও চীনা দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকেও জানানো হয়। তিনি খোঁজখবর নিয়ে সন্তুষ্ট হওয়ার পর নবদম্পতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আরও বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জামাই চীনে ফিরে প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর লিজাকে চীনে নিয়ে যাবেন।
এদিকে বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই স্থানীয় উৎসুক মানুষ তাঁকে একনজর দেখতে এবং ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, সম্প্রতি বিদেশিদের নিয়ে প্রতারণার নানা খবর প্রকাশ পাওয়ায় শুরুতে কিছুটা উদ্বেগ ছিল। তবে কনের পরিবার সব তথ্য যাচাই-বাছাই করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় এখন আর কোনো সংশয় নেই। তিনি নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের কামনা করেন।